শুটিংয়ের জন্য শিল্পীদের নানাধরণের কষ্ট করতে হয়। আর তা করতে গিয়ে নানান দুর্ঘটনার শিকারও হতে হয়। সেরকমই প্যান্টে আগুন লাগিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন আরিফিন শুভ। দুর্ঘটনাটি ঘটেছে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ছবির সেটে।
শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই নিয়ন্ত্রণ হারায় আগুন। হঠাৎ করে তা ধরে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে।
সূত্রগুলো আরও জানায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে পড়ে যান তিনি। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভালেও তার পায়ে দগ্ধচিহ্ন পড়ে।
দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুট বন্ধ করতে চাইলেও শুভ নাকি রাজি হননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং সেদিনের সব কাজ শেষ করেন। বর্তমানে পায়ে ক্ষত নিয়েই নিয়মিত শুটিং করছেন তিনি-এমনটাই জানিয়েছেন ইউনিটের সদস্যরা।
দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে পরিচালক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশনধর্মী ‘মালিক’। এতে আরিফিন শুভর সঙ্গে রয়েছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।


