হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান।
মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীকে।
খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন। এ ছাড়া রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা।
সবশেষ সকালে এক ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়া তাকে দেওয়া প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন।


