আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই জানিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি।
এর আগে, গত রোববার তার আগ্রহের পরিপ্রেক্ষিতে গুম, খুনের মামলায় পান্নাকে হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।
পান্না ফেসবুক লাইভে বলেন, ‘এখন যেটা দেখলাম , শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নেই। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না; উচিত না, অনৈতিক।’
হাসিনার পক্ষে এখনো আনুষ্ঠানিকভাবে আইনজীবী হিসেবে নিয়োগ পাননি তিনি। আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে জানাবেন। না পেলে এটাই তার সিদ্ধান্ত যে, তিনি ট্রাইব্যুনালে হাসিনার পক্ষে দাঁড়াবেন না বলেও উল্লেখ করেছেন।
আইনজীবী বলেন, ‘ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এসেছে। আমি ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে শুনানি করব।’
‘এই বিচারের প্রতি হিউম্যান রাইটস ওয়াচ, এমনেস্টি ইন্টারন্যাশনালসহ বহু আন্তর্জাতিক সংগঠন তাদের মতামত ব্যক্ত করেছে। আর আদালতে যদি আমি নির্বিঘ্নে ডিফেন্ড না করতে পারি, তাহলে তো সেখানে আইনজীবী হিসেবে নিয়োজিত হয়ে কোনো লাভ নেই’ বলেও জানান তিনি।


