সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিষ প্রয়োগ করে প্রায় ২০০ বাক্স মৌমাছি হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার ক্ষতির মুখে পড়ে চরম হতাশায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত মৌচাষি ও উদ্যোক্তা ওসমান আলী।
বুধবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার একটি আম বাগানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী কান্নাজড়িত কণ্ঠে জানান, এ বছর তিনি আম বাগানটিতে ২১০টি মৌমাছির বাক্স স্থাপন করেন। মৌমাছির এই বাক্সগুলোতে উৎপাদিত মধুই হতো তার জীবিকার উৎস। হঠাৎ এভাবে বিষ দিয়ে মৌমাছিগুলো এভাবে মেরে ফেলে তাকে রীতিমতো পথে বসিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তিনি।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৌচাষির এমন ক্ষতি মেনে নিতে পারছেন না স্থানীয়রা। অপরাধীকে সঠিক বিচারের আওতায় না আনতে পারলে নতুন উদ্যোক্তা তৈরিতে বড় হুমকি হতে পারে বলে মনে করেন তারা।
এ সময় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান তারা।
সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ওসমান আলী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তার পাশে থাকবেন এবং এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নেবেন বলে জানান।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মৌমাছি পরিবেশ ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন ঘটনা শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয়, বরং পরিবেশের জন্যও হুমকি। কৃষি বিভাগ তার পাশে থাকবেন বলেও জানান এই কর্মকর্তা।


