কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর গোলারচর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে একটি পলিথিনে মোড়ানো বস্তু ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় জড়িত মাদক কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, রোববার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশাতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনের অভিযোগে একজন মাদক কারবারিকেও আটক করা হয়েছে।
জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


