জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যাপক প্রচার চালানোর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকালে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলের আমীর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
বৈঠকের একাধিক সদস্য জানিয়েছেন, আগামী নির্বাচনে যে গণভোটের আয়োজন করা হবে সেখানে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে প্রচার চালাবে জামায়াত।
সভায় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার কামনা করা হয়।
একইসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।


