বাউল সম্রাট আবুল সরকারের মুক্তির দাবিতে এবং সারাদেশে বাউল-ফকির-সুফীদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানার হাতে মিছিলটি শুরু করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন হয়ে বটতলায় গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের ‘হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া’, ‘রাষ্ট্র তুমি দায় নাও বাউলের ওপর হামলা থামাও’, ‘কথা বলার স্বাধীনতা, বাউলের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’, ‘ভিন্ন মতের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’, ‘লাগবো রে লাগবো স্বাধীনতা লাগবো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন হামলার ঘটনাগুলোর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্ন তুলেন। তিনি বলেন, ‘আমরা এই দেড় বছর ধরে দেখছি প্রতিনিয়ত মাজারে ও বাউলদের ওপর হামলা হচ্ছে।’
দেশের চলমান পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি জানান, ‘ধর্ম অবমাননার দায় দিয়ে একজন নিরাপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয় যা আসলে জুলুম। ওই বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানিকগঞ্জে তার ভক্ত-সমর্থকরা শান্তিপূর্ণ কর্মসূচি করার সময় জামাত শিবিরের একটি মব গিয়ে তাদের ওপর হামলা চালায়, আগ্রাসন চালায়, আক্রমণ চালায়।’
এ সময় পুলিশ থাকার পরও আক্রমণকারীরা কি করে সেই বাউল ভক্তদের ওপর গায়ে হাত তুলতে পারে অভিযোগ করে তাদের আচরণের তীব্র নিন্দা জানান তিনি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সজিব আহমেদ জেনিচ জানান, আবুল সরকারের চার ঘণ্টার পালা গানের মাত্র চার মিনিটের একটি খণ্ডিত অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তাকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যা তাকে ডিমোনাইজ ও ভিকটিম হিসেবে উপস্থাপনের সুস্পষ্ট প্রচেষ্টা।
দেশে বাউল, সুফি, ফকির, আস্তিক, নাস্তিকসহ সব মতের মানুষ নাগরিক হিসাবে সমান অধিকার রাখে মন্তব্য করে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো আদর্শ অন্য আদর্শের চেয়ে শ্রেষ্ঠ হয়ে ওঠতে পারে না।’
এ সময় সকল আদর্শ সমানভাবে চর্চিত হওয়াটাই বাংলার ইতিহাস ও পরিচয় উল্লেখ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আবুল সরকারকে অবিলম্বে মুক্তি দিয়ে মানিকগঞ্জে তার ভক্তদের ওপর হামলার বিচারের দাবি জানায়।


