রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. তাজুল ইসলাম নামে এক যুবদল নেতা।
সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে সোমবার বিকালে বাবার জানাজায় অংশ নেন তিনি।
তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মোমিন পাটোয়ারী। তাজুল অস্ত্র মামলায় কারাগারে আছেন।
জানা গেছে, রোববার রাতে তাজুলের বাবা মারা যান। বাবাকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে তার পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যরোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে পুলিশ পাহারায় তাজুল তার বাবার জানাজায় অংশ নেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় বিকালে বাবার জানাজায় তাকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।
গত ৯ নভেম্বর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও মো. আকাশ মোল্লাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে সদর থানায় অস্ত্র মামলা হলে সেই মামলায় কারাগারে আছেন তাজুল।


