কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো–ওই গ্রামের হাফেজ বাড়ির মো. আহসানের মেয়ে সাদিয়া আক্তার (২১ মাস) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান হোসেন (২২ মাস)।
স্থানীয়রা জানিয়েছেন, আরিয়ানের বাবা সালাউদ্দিন ও সাদিয়ার বাবা আহসান দুজনই ওমানপ্রবাসী। এদিন দুপুরে আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া কাজে ব্যস্ত ছিলেন। শিশু দুজন খেলতে খেলতে বাড়ির ফটক পার হয়ে বাইরে যায়।
পরে প্রতিবেশী নাছরিন আক্তার ওই দুই শিশুর মরদেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


