রায়ে সন্তুষ্ট হলেও কার্যকর নিয়ে উদ্বেগ শহীদ আবু সাঈদের পরিবার

রায়ে সন্তুষ্ট হলেও কার্যকর নিয়ে উদ্বেগ শহীদ আবু সাঈদের পরিবার
হাসিনার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের পরিবার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানান আবু সাঈদের বাবা, মা এবং পরিবারের সদস্যরা। রায়ে সন্তুষ্ট হলেও কার্যকর করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার সন্তান না থাকার যে শূন্যতা সেটা হয়তো পূরণ হবে না। কিন্তু খুনি শেখ হাসিনার ফাঁসির যে  হুকুম হলো তাতে আমি খুশি। হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। আমি যদি সেটা দেখে যেতে পারি, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। যদি ফাঁসি কার্যকর করা না হয়, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে না।’

বাবা মকবুল হোসেন বলেন, ‘এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য এমপি-মন্ত্রীরা যে শুধু আমার ছেলেকে খুন করেছে সেটা নয়। দুই হাজারেরও বেশি মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। গত ১৭ বছরে হাজার হাজার মানুষ খুন, গুম করেছে। শুধু ফাঁসির রায় দিলে হবে না। আমি চাই, দ্রুত ভারত থেকে তাকে ফিরিয়ে আনা হোক। এরপর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করুক। তাহলে হাজার হাজার শহীদ পরিবারে কিছুটা হলেও স্বস্তি আসবে।’

রায়ে সন্তুষ্ট হলেও নিজেদের নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন আবু সাঈদের পরিবার। আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, ‘আমরা কয়েকদিনে আওয়ামী লীগের তান্ডব দেখেছি। তারা বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ করেছে। বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। তারা আগুন সন্ত্রাস থেকে বের হয়ে আসতে পারেনি। এ রায় হওয়ার পর আওয়ামী লীগের লোকজন শহীদ, আহত এবং জুলাই যোদ্ধা পরিবারগুলোর প্রতি আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা আমাদের বাড়ি ঘরে হামলা চালাতে পারে। তাই শহীদ, আহত, জুলাই যোদ্ধাদের এবং তাদের পরিবারের প্রতি বিশেষ নজরদারি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad