ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা লাগায় মোহাম্মদ দিলু মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আউলিয়া বাজারে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত দিলু মিয়া পাহারপুর ইউনিয়নের চানপুর গ্রামের গ্রাম পুলিশ তোতা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আউলিয়া বাজারে মোহাম্মদ বিল্লাল মিয়ার মুদি দোকানের সামনে পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে মুদি দোকানদার বিল্লাল মিয়া ক্ষিপ্ত হয়ে অটোচালক দিলু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই বিল্লাল পালিয়ে যান। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।


