কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি জাদুঘর সংলগ্ন সাগরপাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে সাগরে ডুবে জাহেদ আলম (২৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে নিখোঁজের ২৪ ঘন্টা পর একই এলাকায় হিমছড়ির সাগর পাড়ে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহেদ ওই এলাকার মীর কাসেমের ছেলে।
স্থানীয়রা জানান, গত শনিবার ভোরে কক্সবাজারের রামু খুনিয়া পালং ইউনিয়নের পেচারদ্বীপ জাদুঘর সংলগ্ন এলাকা থেকে জাহেদ আলমসহ তিন জেলে নৌকায় সাগরে মাছ ধরতে যান।
অন্য দুইজন হলেন- ঐ এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুল মাবুদ (৪২) এবং কাদির হোসেনের ছেলে এহসানুল হক (২৬)।
তারা জানান, সাগরে জাল ফেলে মাছ ধরার পর রোববার রাত সাড়ে ১২টার দিকে তীরে ফেরার সময় সাগরের উত্তাল ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। ঘটনায় মাবুদ ও এহসানুল সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হলেও জাহেদ নিখোঁজ হয়ে যান।
এ সময় স্থানীয় লোকজন ও সহযাত্রী জেলেরা রাতভর খোঁজাখুঁজি করেও জাহেদের কোনো খোঁজ পাননি।
তারা বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় হিমছড়ির সাগর পাড়ে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ভোরে মরদেহ উদ্ধার করে।
রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘নিখোঁজ জেলে জাহেদের মরদেহ সাগরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা উল্টে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’


