প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিকালে আন্দোলনরত শিক্ষকদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে গরম পানি নিক্ষেপের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, শিক্ষকদের ওপর হামলা কেন সমর্থনযোগ্য নয়, তা ব্যাখ্যার প্রয়োজন পড়া দুঃখজনক। শিক্ষকরা দেশে বারবার নির্যাতন ও অবহেলার শিকার হচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি বদলাবে বলে আশা ছিল। কিন্তু আবারও হতাশ হতে হলো।
বিবৃতিতে মাওলানা ইউনুস আহমাদ শিক্ষকদের দাবিগুলোর পক্ষে সমর্থন জানিয়ে বলেন, ১০ম গ্রেডে বেতন, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার দাবি মোটেও অযৌক্তিক নয়। নানা খাতে হাজার কোটি টাকা ব্যয় হলেও শিক্ষা খাত বরাবরই অবহেলিত। এ কারণেই শিক্ষকদের বারবার রাজপথে নামতে হয়।
তিনি বলেন, ‘আমরা এমন রাষ্ট্র চাই, যেখানে শিক্ষকদের অধিকার আদায় করতে রাজপথে দাঁড়াতে হবে না। রাষ্ট্র নিজ উদ্যোগেই তাদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করবে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, নাগরিকদের যৌক্তিক দাবি সহনশীলতার সঙ্গে মোকাবিলা করুন। সড়কে সংঘাত নয়, আলোচনার টেবিলকে কার্যকর সমাধানের জায়গা বানান।
মাওলানা ইউনুস আরও বলেন, পুলিশি হামলায় আহত শিক্ষকদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকারকে বহন করতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি বা দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।


