কক্সবাজারের মহেশখালীতে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক ‘সন্ত্রাসীকে’ আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতের নাম আশেকুল ইসলাম তুরাগ (২৫)। তিনি মহেশখালী উপজেলার স্থানীয় বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার দিকে মহেশখালী পানিরছড়া বাজারসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
বিশেষ অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আশেকুল ইসলাম তুরাগকে আটক করা হয়।
জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহেশখালী থানায় কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান সিয়াম-উল-হক।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


