রাজধানীর পোস্তগোলায় ট্রাকের চাপায় সাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সাকিবের চাচাতো ভাই সাবু হোসেন জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহলবাড়িয়া গ্রামে। সাকিব ফতুল্লার রসুলপুর এলাকায় স্ত্রী হালিমা আক্তার ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তিনি বলেন, বুধবার বিকালে হালিমা দুই সন্তানকে নিয়ে গ্রাম থেকে ফিরছিলেন। সাকিব তাদের নিতে পোস্তগোলা মোড়ে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
কদমতলী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে পোস্তগোলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকসহ চালককে আটক করা হয়।


