জুলাই আন্দোলনের সময়ে ঢাকার মোহাম্মদপুরে ইমরুল কায়েস (২৯) হত্যাচেষ্টায় করা মামলায় গ্রেপ্তার নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী রোকেয়া বেগম তার জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামি নওগাঁ-৬ আসনের সাবেক এমপি। তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে বিজয়ী হন। আসামি কোন দলভুক্ত নয়। তিনি একজন আইনজীবী এবং নওগাঁ জেলার-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তার কর্মদক্ষতা শুরু করেন। তিনি ঘটনা সম্পর্কে অবগত নন এবং মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্তও নয়। আসামির জামিন একান্ত প্রয়োজন। যে কোন শর্তে আসামির জামিনের প্রার্থনা করছি।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৮ অক্টোবর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪-এ জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাঁধ তিন রাস্তার মোড়ে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন ভুক্তভোগী মো. ইমরুল কায়েস ফয়সাল। সেদিন আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করলে মামলার বাদী গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হলে বাদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।


