ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
বুধবার রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা আটকে রাখে তারা। এতে ওই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪-৫ দিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বিতর্কের জেড়ে উকিলের গোষ্ঠীর একজন সাদ্দাম আজিজের গোষ্ঠীর আক্তারকে থাপ্পর মারে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। বুধবার বিকালে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বসে। তাতে সমাধান না আসায় রাতে দুই গোষ্ঠীর লোকজন মহাসড়কের উপর সংঘর্ষে জড়ায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


