জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বার্জার পেইন্টসের পক্ষে ড. এ এস এম ওবায়দুল্লাহ মাহমুদ স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন এবং অন্যান্য বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ এবং বার্জার পেইন্টস যৌথভাবে গবেষণা কার্যক্রম, প্রশিক্ষণ, ইন্টার্নশিপসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও কার্যক্রম পরিচালনা করবে। উভয় প্রতিষ্ঠানই দ্বিপাক্ষিক শিক্ষা, গবেষণা এবং সহযোগিতায় লাভবান হবে।


