জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত নয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নজরুল হলের সামনে থাকা ছয়টি দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। হলের অবস্থান বিবেচনায় নজরুল হলের শিক্ষার্থীরা দোকানগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়ে আসছিলেন।
এদিকে দোকানগুলোর মালিকানা ছাড়তে রাজি ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা। এ নিয়ে দুপুরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে নয়জন শিক্ষার্থী আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুই হলের শিক্ষার্থীদের নিজ নিজ হলে পাঠিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুস সাত্তার জয় বলেন, ‘দুই হলের শিক্ষার্থীদের নিজ নিজ হলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দোকানগুলোর মালিকানা নিয়ে পরবর্তীতে দুই হলের প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনা করে সমাধান করা হবে।’


