জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (জাবিপ্রবিসাস) কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার সারোয়ার জাহান।
সারোয়ার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা চর্চা শিক্ষার্থীদের মননশীলতা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটায়। টাইমস সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। আশা করি, পত্রিকাটি ভবিষ্যতেও সব ধরনের প্রভাবমুক্ত থেকে দেশ, জাতি ও শিক্ষার উন্নয়নে কাজ করে যাবে। জাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এমন একটি আয়োজন প্রমাণ করে আমাদের ক্যাম্পাসে সাংবাদিকতা কতটা প্রাণবন্ত। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি।’
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি মো. মিরাজুল ইসলাম বলেন, ‘জাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই প্রথম কোনো জাতীয় দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো, যা আমাদের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের মুহূর্ত। আমি পত্রিকাটি নিয়মিত পড়ি। তাদের সংবাদ পরিবেশনার ধরণ, বিষয়বস্তু নির্বাচন এবং আধুনিক উপস্থাপন আমার বেশ পছন্দ। আমি পত্রিকাটির সাফল্যমণ্ডিত পথচলা কামনা করছি।’
টাইমসের জামালপুর জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন বলেন, ‘নতুন উদ্যম ও আধুনিক রূপায়ণ নিয়ে যাত্রা শুরু করে পত্রিকাটি সাড়া জাগানো বেশ কিছু বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করেছে। যার ফলে এটি খুব দ্রুত পাঠকদের মনে শক্ত জায়গা করে নিয়েছে। সবাইকে আহ্বান জানাব পত্রিকাটি নিয়মিত পড়ার জন্য। বিশ্বাস করি, এর ভিন্নধর্মী সংবাদ পরিবেশন একবার পড়লে পাঠক এটি ছেড়ে যাবেন না।’
মুসলিম ইবনে রবি বলেন, ‘দেশের সংবাদমাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠতার প্রতীক হয়ে ওঠার যাত্রায় টাইমস এক অনন্য ভূমিকা পালন করে আসছে। প্রিন্ট এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে “উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড” স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া ঘটনাগুলোকে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে যেকোনো রাজনৈতিক দল, বাণিজ্যিক কিংবা বাহ্যিক প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি অনুসরণ করে আসছে এই গণমাধ্যম। রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও সংস্কৃতির সংবাদ পরিবেশনের পাশাপাশি তরুণ সাংবাদিকদের পেশাদারিত্বে নির্মিত এই মাধ্যমটি পাঠকের বিশ্বাসযোগ্য সংবাদের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ সাদীকুর রহমান, এশিয়া পোস্টের জামালপুর প্রতিনিধি শাওন মোল্লা, জাগো নিউজের হৃদয় আহাম্মেদ শাওন, জাবিপ্রবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়া পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক ও দ্য ডেইলি চেক পোস্টের মো. ইকরাম মাহমুদ প্রধান, দপ্তর সম্পাদক ও দ্য স্টুডেন্ট জার্নালের মিরাজ হোসেন, নবধারার আহাদুজ্জামান অনন্ত, সাধারণ সদস্য এবং ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।


