এক-দেড় মাসের মধ্যে শুরু হচ্ছে চবির টিএসসির নির্মাণকাজ: উপাচার্য

এক-দেড় মাসের মধ্যে শুরু হচ্ছে চবির টিএসসির নির্মাণকাজ: উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নির্মাণকাজ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান।

একই সঙ্গে আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে নতুন ১০ থেকে ১৩টি বাস যুক্ত হবে বলেও জানান তিনি।

দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্তি উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে টাইমস অব বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসমুখী ও গবেষণামুখী করা এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমার একটা সিক্স মান্থ প্ল্যান ছিল, আবার ওয়ান ইয়ার একটা প্ল্যান আছে, আবার চার বছরের একটা প্ল্যান আছে।’ গত ছয় মাসে নেওয়া উদ্যোগগুলোর দৃশ্যমান প্রভাব এক বছর পূর্ণ হওয়ার দিকে দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র‍্যাংকিংয়ে এগিয়ে নিতে কোয়ালিটি গবেষণা, ট্রান্সলেশনাল রিসার্চ ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা নিয়ে উপাচার্য জানান, যাতায়াত সুবিধা বাড়াতে ১০ থেকে ১৩টি নতুন বাস পাওয়া গেছে, যা আগামী এক-দুই মাসের মধ্যে চালু হবে।

এ ছাড়া দীর্ঘদিনের আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, এক-তৃতীয়াংশ শিক্ষার্থীকেও আবাসিক সুবিধা দেওয়া সম্ভব হয়নি। তাই বিকল্প হিসেবে আরও একটি শাটল ট্রেন বাড়াতে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

টিএসসি প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আগামী এক-দেড় মাসের মধ্যে টিএসসি আমাদের ফাংশনালিটির দিকে যাবে, মানে কার্যক্রম শুরু হবে, নির্মাণকাজ শুরু হবে।’ কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়িয়ে কার্যকর কর্মপরিবেশে নিয়ে আসতে কিছুটা সময় লাগছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন প্রসঙ্গে উপাচার্য জানান, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে তা অনুষ্ঠিত হবে। চাকসুকে প্রতিপক্ষ নয়, বরং সবসময় সহযোগী হিসেবে দেখেন বলে মন্তব্য করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর