ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবারও দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে তার স্থান ধরে রেখেছে এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০০ ধাপ উন্নতি করে ৮০১ থেকে ১০০০ র্যাঙ্কের মধ্যে অবস্থান করছে।
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। গত বছরের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বের ৩,১১৮টি বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। র্যাঙ্কিং তৈরি করা হয়েছে বিভিন্ন সূচকের ভিত্তিতে, যেমন: শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা।
সূচকভিত্তিক অগ্রগতি
গবেষণার পরিবেশ সূচকে ৩ পয়েন্টের উন্নতি (১০.৩ → ১৩.৩)
গবেষণার মান সূচকে ৯ দশমিক ৩ পয়েন্টের উন্নতি (৬৭.২ → ৭৬.৫)
শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে ১১ দশমিক ৮ পয়েন্টের উন্নতি (২১.৪ → ৩৩.২)
শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট: ১৭ দমমিক ৭
আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট: ৪৫
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে উন্নতি সাধনের লক্ষ্যে ১৬ সদস্যের একটি কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খানের সার্বিক দিক-নির্দেশনায় এই কমিটি কাজ করছে। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) মামুন আহমেদ, এবং কমিটির অন্যান্য সদস্যরা হলেন—প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন আবদুস সালাম, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মইনুল হোসেন, আইসিটি সেলের পরিচালক মোসাদ্দেক হোসেন কামাল, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সৈয়দ শাহাদৎ হোসেন, এবং আরও অনেক শিক্ষক এবং কর্মকর্তা।
এই সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
এ ছাড়া, কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বে ৫৮৪তম বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


