নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে: মির্জা ফখরুল
আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার জন্য ইতোমধ্যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ যেন সেটাকে (নির্বাচন) ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে। আশা করি আপনারা সেদিকে সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখবেন।’

মঙ্গলবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ তিনি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমি বলতে চাই, আসন্ন ফেব্রুয়ারির যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আপনাদের একটি বিরাট ভূমিকা রয়েছে। আশা করি আপনারা প্রতিটি জায়গায় সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।‘

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমাদের নেতা যে স্বপ্ন দেখেছেন, আমাদের দেশ একটাই এবং আমাদের পথ একটাই, সেটি হলো বাংলাদেশ।‘

আরও পড়ুন

বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এই শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

শিক্ষকদের দাবির সঙ্গে বিএনপির ৩১ দফার কর্মসূচির সম্পর্ক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটি দাবি আছে। সে দাবিটি হলো, আপনারা আপনার ছাত্র-ছাত্রীদের, আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলবেন যাতে তারা সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারি।‘

এই সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে, অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুগিসউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকবৃন্দ।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতা এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর