রাজধানীতে ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা সাগর খান।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে মিরপুর ১২, সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকাল পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত রিফাতের বাবা সাগর খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে তারা মিরপুর ১২-এর ডি ব্লকের ২৫ নম্বর রোডে থাকেন। রিফাত আগে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।
সাগর খান জানান, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিলেন। পরে তিনি ফোন পান, রিফাতকে মিরপুর ১২-এর পুরাতন থানার সামনে কয়েকজন যুবক আটকে রেখেছে। সেখানে গেলে তারা জানান, টাকা-পয়সা লেনদেন নিয়ে ঝামেলা আছে। কিছুক্ষণ পর দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে রিফাতের বুকে ছুরিকাঘাত করে। রিফাতকে বাঁচাতে গেলে বাবার পিঠেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
প্রথমে রিফাতকে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাগর খান আরও বলেন, ‘আমার ছেলের সঙ্গে কী নিয়ে দ্বন্দ্ব ছিল তা আমি জানি না। কেন তাকে এভাবে মেরেছে তাও জানি না।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


