সাংবাদিকদের বেতন-ভাতা বাড়ানো না হলে গণমাধ্যমে দুর্নীতি কমবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
বুধবার বিকালে রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া বিষয়ক আলোচনা সভায় তিনি বলেন, ‘সাংবাদিকদের উপার্জন ভালো না হলে গণমাধ্যমের দুর্নীতি কমবে না। সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করতে পারলে বিদ্যমান অনেক সমস্যা কেটে যাবে।’
তিনি সাংবাদিকদের বেতন যৌক্তিক পর্যায়ে উন্নীত করার জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রস্তাবিত অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে অংশীজনের মতামত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করা সম্ভব।’ তিনি আগামী ১০ দিনের মধ্যে লিখিত মতামত ও প্রস্তাব প্রদানের জন্য সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানান।
সংবাদপত্র মজুরিবোর্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘মজুরিবোর্ড বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয় জড়িত। প্রতিবন্ধকতা দূর করতে তথ্য মন্ত্রণালয় কাজ করছে।’ এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে তিনি সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান জানান।
এ সময় সংবাদপত্রের প্রচারসংখ্যার অসংগতি দূর করার আহ্বান জানান মাহফুজ আলম। তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপন খাতের বকেয়া পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে বিজ্ঞাপন খাতে বকেয়া ছিল ৭৫ কোটি টাকা, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩৬ কোটি টাকায়।’
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা জানান, বিদ্যমান আইনে সাংবাদিকদের শ্রমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে; সাংবাদিকরা আর শ্রমিক হিসেবে থাকতে চান না।
সাংবাদিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোর কর্তৃত্ব একাধিক মন্ত্রণালয়ের পরিবর্তে শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হাতে রাখার দাবি জানান তারা।
আলোচনা সভায় তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মুহাম্মদ আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।


