উপাচার্য নিয়াজ আহমদ খানের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রচারিত অভিযোগগুলো ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, সম্প্রতি কিছু ব্যক্তি ও গোষ্ঠী নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে উপাচার্যের সম্পর্কের বিষয়ে মন্তব্য করছে, যা তারা ‘ডাকসু এবং হল সংসদ নির্বাচন ২০২৫ এর পর চালানো গুজবের অংশ’ হিসেবে চিহ্নিত করেছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও দাবি করে, উপাচার্য নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার সময় অনাবাসিক ছাত্র ছিলেন।
কোনো নির্দিষ্ট ব্যক্তির সংস্পর্শে থাকার কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণভাবে বানোয়াট বলেও দাবি করা হয়।
এই ধরনের মন্তব্যগুলোকে ‘উপাচার্য নিয়াজ আহমেদ খানের ব্যক্তিগত সম্মান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার’ চেষ্টা হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


