বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মাদরা, চান্দুড়িয়া ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় নেশা জাতীয় উইনকেরেক্স সিরাপ মদ, মোবাইল চার্জিং পিন ও মাউথ স্পিকার।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর ব্রিজ নামক স্থান থেকে ভারতীয় মোবাইলের চার্জিং পিন ও মাউথ স্পিকার, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত একই উপজেলার মন্দির নামক স্থান থেকে ভারতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে।
এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান নামক স্থান থেকে ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজারমূল্য ৬ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।


