জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্টের ১১১ সদস্য ঢাকা ছেড়েছেন। বর্তমানে দেশটিতে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিটের কন্টিনজেন্টকে পর্যায়ক্রমে প্রতিস্থাপনের অংশ হিসেবে তাদের পাঠানো হচ্ছে। পুরো প্রতিস্থাপন কার্যক্রমে মোট ১৩৫ জন শান্তিরক্ষী অংশ নিচ্ছেন।
বুধবার জাতিসংঘের ভাড়াকরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ১১১ সদস্য। নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঙ্গোর চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশটির সরকার ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
নতুন কন্টিনজেন্টের সদস্যরা আগের সদস্যদের অর্জিত সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, এ প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান।
এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে ব্রিফিং দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।


