দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় মোট সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার ২ কোটি ৯৩ লাখ টাকার ক্রোককৃত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দুদক প্রসিকিউটর এস এম আবুল কালাম (আজাদ) সাজার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আতাউর রহমান সরকার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও কর্মকাণ্ডের মাধ্যমে সম্পদ অর্জন করেন সাঈদ। এসব সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।
তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান সরকার। অভিযোগপত্রে ৫ কোটি ৫০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য তুলে ধরা হয়।
পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় ঘোষণা করেন।


