ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে দিতে হবে লাখ ডলার

ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে দিতে হবে লাখ ডলার
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তার পোস্ট দ্রুত ও অন্যদের চেয়ে আগে দেখার বিশেষ সুবিধা বিক্রি করা হচ্ছে। এরইমধ্যে সংবাদ ও তথ্যসেবা প্রতিষ্ঠান ব্লুমবার্গ এবং ওয়াল স্ট্রিটের দুটি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ট্রুথ সোশ্যালের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে। এই সুবিধার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে মাসে সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার ফি নিচ্ছে সামাজিক মাধ্যমটি।

চুক্তির সঙ্গে সরাসরি জড়িত এমন ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, চুক্তি করা ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠান দুটি হলো সাসকুহানা ইন্টারন্যাশনাল গ্রুপ ও জাম্প ট্রেডিং। দুই প্রতিষ্ঠানই কম্পিউটারনির্ভর স্বয়ংক্রিয় পদ্ধতি ও নির্দিষ্ট গাণিতিক নির্দেশনা ব্যবহার করে অত্যন্ত দ্রুতগতিতে আর্থিক লেনদেন পরিচালনা করে।

বিশেষ এই সেবার মাধ্যমে গ্রাহকেরা ট্রুথ সোশ্যালে ট্রাম্পের প্রকাশিত পোস্ট অন্যদের তুলনায় আগে দেখতে পারবেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য আর্থিক বাজারে বড় ধরনের ওঠানামা সৃষ্টি করতে পারে। ফলে এই সুবিধা ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীদের এমন একটি বাড়তি সুযোগ দিতে পারে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য পাওয়া বেশ কঠিন।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ গত জুলাইয়ে সবচেয়ে দ্রুত তথ্য পাওয়ার এই বিশেষ সেবা চালুর ঘোষণা দেয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, এই সেবার আওতায় একটি বিশেষ সফটওয়্যার সংযোগব্যবস্থা ব্যবহার করা হয়, যার মাধ্যমে একটি কম্পিউটার ব্যবস্থা অন্য ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করতে পারে।

ট্রুথ সোশ্যালে চালু করা বিশেষ সেবাটির উদ্দেশ্য হলো- কোনো ব্যক্তি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকে ট্রাম্পের নতুন পোস্ট খুঁজে দেখার আগেই গ্রাহকদের কাছে সেগুলো পৌঁছে দেওয়া।

ট্রাম্প মিডিয়ার কর্মকর্তাদের তথ্যানুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকেরা অন্যদের তুলনায় প্রায় ৫০ মিলিসেকেন্ড আগে তথ্য পেতে পারেন। এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগকে এক মিলিসেকেন্ড বলা হয়।

আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান কিংবা আর্থিক সংবাদ ও তথ্যসেবা প্রদানকারী সংস্থাগুলোর কাছে এত সামান্য সময়ের ব্যবধানও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ মার্কিন প্রেসিডেন্টের একটি পোস্ট বিভিন্ন আর্থিক সম্পদের দামে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে।

ওয়াল স্ট্রিটের অত্যন্ত দ্রুতগতির লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো এমন সফটওয়্যার ব্যবহার করে, যা সংবাদ শিরোনাম, কোম্পানির ঘোষণা এবং সরকারি বিবৃতি থেকে আর্থিক বাজারে প্রভাব ফেলতে পারে এমন তথ্য শনাক্ত করে।

এসব সফটওয়্যার এক সেকেন্ডের হাজার ভাগের কয়েক ভাগ সময়ের মধ্যেই তথ্য পড়তে, বিশ্লেষণ করতে এবং সেই তথ্যের ভিত্তিতে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কীভাবে বাজারে প্রভাব ফেলে, তার একটি উদাহরণ পাওয়া যায় গত এপ্রিলে।

ওই মাসে ট্রুথ সোশ্যালে ইরান যুদ্ধের জন্য যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম পড়ে যায়।

আরও পড়ুন

এরপর প্রতিষ্ঠানটি ওয়াল স্ট্রিটের আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান এবং অন্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে সেবাটি বিক্রির উদ্যোগ নেয়।

গত আগস্টে ট্রাম্প মিডিয়া বিনিয়োগকারীদের জানায়, তারা এরইমধ্যে ১০টির বেশি গ্রাহক চুক্তি করেছে। তবে তারা গ্রাহক প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কয়েক কর্মকর্তা জানান, গ্রাহকদের অধিকাংশই ওয়াল স্ট্রিটের আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। তারা সেবাটির জন্য প্রতি মাসে ৬০ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পরিশোধ করছে।

এই চুক্তিগুলো সম্ভবত ট্রাম্পের পোস্ট সবার আগে দেখতে চেয়ে তথ্যসেবা বেচা-কেনার প্রথম ঘটনা, যেখানে ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যবসাপ্রতিষ্ঠান কেবল তার বক্তব্য দ্রুত জানতে পাওয়ার সুযোগ অর্থের বিনিময়ে বিক্রি করছে। সমালোচকদের কেউ কেউ এই ব্যবস্থাকে অনৈতিক বলে অভিহিত করেছেন।

গত আগস্টে ইন্টারসেপ্ট মিডিয়া এবং অলাভজনক সংস্থা ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে। এতে দাবি করা হয়, অর্থের বিনিময়ে দ্রুত তথ্য সরবরাহের ব্যবস্থা চালু থাকা অবস্থায় হোয়াইট হাউস যেন কোনো সরকারি ঘোষণা শুধু ট্রুথ সোশ্যালে প্রকাশ করতে না পারে।

মামলায় অর্থের বিনিময়ে দ্রুত তথ্য সরবরাহের এই ব্যবস্থাকে ‘চরম দুর্নীতিগ্রস্ত’ বলে বর্ণনা করা হয়েছে। বাদীদের অভিযোগ, তথ্য পাওয়ার ক্ষেত্রে সবার সমান সুযোগ না থাকায় এই সেবা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করবে। আইন অনুযায়ী যে তথ্য সবার সমানভাবে পাওয়ার অধিকার রয়েছে, সেই তথ্য পাওয়ার জন্য ‘অযৌক্তিক পরিমাণ অর্থ’ আদায় করা হলে তা সংবিধানের পঞ্চম সংশোধনীও লঙ্ঘন করবে বলে দাবি করেন তারা। একই সঙ্গে এই ব্যবস্থা ওয়াল স্ট্রিটের ধনী প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দিচ্ছে।

মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল মামলাটি কিংবা এতে তোলা অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় শুধু আমেরিকার জনগণের সর্বোত্তম স্বার্থে কাজ করেন। এ কারণেই জনগণ বিপুল সমর্থন দিয়ে তাকে আবার এই পদে নির্বাচিত করেছেন।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ব্লুমবার্গ, জাম্প ট্রেডিং ও সাসকুহানা।

ব্লুমবার্গের প্রতিদ্বন্দ্বী আর্থিক সংবাদ সংস্থা রয়টার্স এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আপাতত সেবাটি মূল্যায়ন করব। তবে বর্তমানে ট্রাম্প মিডিয়ার গ্রাহক হওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই।’

অন্যদিকে ট্রাম্প মিডিয়া এক বিবৃতিতে বলেছে, ‘ট্রুথ সোশ্যালে আমরা শিল্প খাতে প্রচলিত মান অনুযায়ী একটি সফটওয়্যারভিত্তিক তথ্যসংযোগ সেবা দিচ্ছি। বিভিন্ন খাতে এই সেবার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। আমরা গ্রাহকদের তথ্যের গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্ব দিই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই প্রতিবেদন এমন কিছু বেনামি সূত্রের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তৈরি, যাদের উদ্দেশ্য আমাদের প্রতিষ্ঠান, গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ক্ষতি করা।’

ট্রাম্প মিডিয়ার ৪১ শতাংশ শেয়ারের মালিক মার্কিন প্রেসিডেন্টের পারিবারিক ট্রাস্ট। ওই ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী ট্রাম্প নিজেই।

চলতি বছরে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি কমেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই ট্রাম্প মিডিয়ার বাজারমূল্যে ব্যাপক ওঠানামা দেখা গেছে।

২০২৪ সালের মার্চে শেয়ারবাজারে অভিষেকের সময় প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। বর্তমানে তা কমে প্রায় ১৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটির মোট লোকসান হয়েছে প্রায় ১৭৬ কোটি মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া ট্রাম্প মিডিয়ার নথিতে দেখা যায়, বর্তমানে ট্রাম্পের পারিবারিক ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ট্রাস্টের ভোটাধিকার প্রয়োগ ও বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতাও তার হাতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad