শারদীয় দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাষ্টমী আজ । সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসব। বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, সন্ধিপূজা ও কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি পালন করছেন ভক্তরা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই বিশেষ পূজ করা হয়।
হিন্দু পুরাণ অনুসারে, দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধ করতে চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন। সন্ধিপূজার মধ্য দিয়ে স্মরণ করা হয় সেই পৌরাণিক ঘটনাকে।

মহাষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। ঐতিহ্য অনুসারে, এ পূজায় বয়ঃসন্ধির আগের এক অবিবাহিত বালিকাকে দেবী দুর্গা তথা দিব্য নারীশক্তির জীবন্ত প্রতীক হিসেবে পূজা করা হয়। এক থেকে ১৬ বছর বয়সী বালিকাকে কুমারী হিসেবে পূজার রীতি রয়েছে।
রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা কুমারীর চরণে জল, বস্ত্র, ফুল এবং স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কার নিবেদন করেন।





