বান্দরবানে এক মারমা নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈ ক্য সিং মারমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার বিকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, শৈ ক্য সিং শহরের বালাঘাটা সড়কের পাশে বৌদ্ধ অনাথালয়সংলগ্ন সাইনি রিসোর্টের মালিক। শুক্রবার রাতে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
অভিযোগে ওই নারী জানান, শৈ ক্য সিং প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিজের রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় শৈ ক্য সিংকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, শৈ ক্য সিং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা তারা শুনেছেন। তবে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।


