রাজবাড়ীতে চিহ্নিত সন্ত্রাসী পিয়ারুলকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজবাড়ীতে চিহ্নিত সন্ত্রাসী পিয়ারুলকে প্রকাশ্যে গুলি করে হত্যা
Advertisement
Advertisement

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদ সংলগ্ন রাজনের দোকান এলাকায় প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত পিয়ারুল পুলিশের তালিকাভুক্ত একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ মোট ১৪টি মামলা রয়েছে।

তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিয়ারুল। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। আকস্মিক এই হামলার পরপরই ঘাতকরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানয়ীরা গুলিবিদ্ধ অবস্থায় পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনিক কুমার মণ্ডল জানান, রাত ৭টা ৫০ মিনিটের দিকে পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এদিকে জরুরি বিভাগে ইসিজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হলে স্বজনেরা তাকে ফরিদপুরে নেওয়ার চেষ্টা করেন। চিকিৎসকরা জানান, তার বুকে দুটি গুলির ক্ষত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, পিয়ারুল সরদারের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র, হত্যা, মাদক, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা ঝুলছে। অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে একাধিকবার গ্রেপ্তারও করে পুলিশ।

সবশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে এলাকায় অবস্থান করছিলেন।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘পিয়ারুল সরদার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ঘাতকদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল ইতোমধ্যে মাঠে নেমেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​হত্যাকাণ্ডের পর থেকে শহরের সজ্জনকান্দাসহ আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad