দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে এই বন্দরে বাণিজ্যিক কার্যক্রম চলে।
আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ২৫ ও ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর বন্দর খোলা থাকবে এবং এ সময় নিয়মিতভাবে বাণিজ্য কার্যক্রম চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দর আবার নিয়মিত কার্যক্রমে ফিরবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া জানান,পূজা ঘিরে শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়। বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের বিষয়ে সব ব্যবসায়ীদেরকে এরইমধ্যে জানানো হয়েছে।


