চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেছেন। সেখানে ফিরেই শুক্রবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফেরেন উপাচার্য। এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে তাকে উদ্ধার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মাসুদ আলম। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়েটের সিন্ডিকেট সদস্য ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. রাশিদুল হাসান জানান, ‘উপাচার্য শুক্রবার সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। ভার্চ্যুয়ালি এই সভা হবে। আমি ছুটিতে আছি। যোগ দিতে পারব কি না নিশ্চিত নই।’
সিন্ডিকেটের আরেক সদস্য ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন কাজী দেলোয়ার হোসাইন জানান, ‘উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না বা এটা নিয়মের মধ্যে কি না- তা জানি না। সাধারণত রেজিস্ট্রারের মাধ্যমে সভার চিঠি আসে।’
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি শুরু করেন। এতে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আন্দোলনের মধ্যে গত সোমবার সকাল নয়টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন তিনি। খবর পেয়ে সকাল সাড়ে নয়টা থেকে ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই দিন দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় ছাড়ার আলটিমেটাম দেন তারা। পরে ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেন শিক্ষার্থীরা।
এতে উপাচার্যসহ ভবনের ভেতরে ১১ জন আটকা পড়েন। পরদিন মঙ্গলবার অসুস্থ বোধ করছেন বলে জানান উপাচার্য। তাকে পরীক্ষা-নিরীক্ষা করতে দুই চিকিৎসক সেখানে যান। পরে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্যোগে তাদের উদ্ধার করা হয়।


