মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
ছবি: বাসস
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থী সৈকত হালদার।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

ঘটনার বিস্তারিত অনুসন্ধান ও পরবর্তী করণীয় নিয়ে সুপারিশ দিতে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪(১)(ক) ধারা অনুযায়ী চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা নাজমুল মনছুরকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মাহতাব-উজ-জাহিদ। কমিটির অপর দুই সদস্য হলেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের ওয়ার্ডেন মো. আলমগীর কবির।

অফিস আদেশে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad