ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে অন্যায়, বর্ণবাদ, বৈষম্যমূলক আচরণ ও দ্বিচারিতার অভিযোগ তুলে মুখে কালো কাপড় পরে প্রতিবাদ জানিয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। সেইসঙ্গে ক্লাসরুমে বসে তারা ওই অধ্যাপকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।
সোমবার এই অভিনব কায়দায় প্রতিবাদ জানানোর ঘটনা ঘটে।
একই সঙ্গে তারা অন্যায়ের সমর্থকদের প্রতিও প্রতিবাদ করেন। তাদের প্রতিবাদের মূল থিম ছিল ‘হ্যাশট্যাগ রেড কার্ড টু ক্লাসিস্ট অ্যান্ড হিপোক্রেট’।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার ক্লাস চলাকালীন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব নিকাব পরা এক শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেন এবং জনসমক্ষে তার ধর্মীয় পোশাক নিয়ে জেরা করেন।
অভিযোগকারী শিক্ষার্থী জানান, তিনি ক্লাসের সামনের সারিতে বসা ছিলেন। শিক্ষক হঠাৎ তাকে আসন পরিবর্তন করতে বলেন এবং অস্বস্তি ও নিরাপত্তার কথা উল্লেখ করেন।
এর পরই ওই শিক্ষক নিকাবের তীব্র সমালোচনা করেন, ইসলামী বিধান নিয়ে প্রশ্ন তোলেন এবং নিজে ওমরাহ করেছেন উল্লেখ করে যুক্তি দেন যে হজের সময় নারীরা মুখ খোলা রাখেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মুখ ঢাকা থাকায় ওই শিক্ষার্থীকে ক্লাসের পেছনের সারিতে চলে যেতে বলেন শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থীসহ ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী প্রতিবাদ জানিয়ে ক্লাস বর্জন করে বেরিয়ে যান।
এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বৃহস্পতিবার ঢাবির একাডেমিক কমিটির সভায় সহযোগী অধ্যাপককে পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


