শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকার জব্দ

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকার জব্দ
জব্দ হওয়া হীরা ও মূল্যবান পাথর। ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ২ কোটি ৭০ লাখ টাকা বাজারমূল্যের হীরা, স্বর্ণ, প্লাটিনাম ও বিভিন্ন মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি করছিল ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এ সময় কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আসা যাত্রী মো. জনি রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। তার ব্যাগ স্ক্যানিংয়ের সময় আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়।

আরও পড়ুন

পরে ব্যাগেজ তল্লাশি করে হীরার পাথর বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি হীরার পাথর সংযুক্ত প্লাটিনামের আংটি, ৩টি হীরা  পাথর সংযুক্ত সাদা স্বর্ণ, ২টি হীরা  পাথর সংযুক্ত রুপার আংটি, ৫টি হীরা সংযুক্ত স্বর্ণের লকেট, ১টি হীরা সংযুক্ত স্বর্ণের চেইন, ৪৭২টি হীরা সংযুক্ত স্বর্ণের নাকফুল, ছোট-বড় মিলিয়ে ৭২০টি হীরা, পোখরোজ, রুবি ও অন্যান্য পাথর জব্দ করা হয়। একই সঙ্গে ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড পাওয়া যায়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ কেজি ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় যাত্রী এমডি জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad