ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় দুজনকে খুঁজছে পুলিশ ও গোয়েন্দারা।
শুক্রবার রাত সোয়া ১টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ঘটনায় জড়িত সন্দেহে দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান শনিবার রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা দুটি ককটেল নিক্ষেপ করে চলে যান। পরে তারা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন বলে তথ্য পায় পুলিশ।
ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশের দল মাঠে নামে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে লিংক রোড ব্যবহার করে ঘটনাস্থলে আসে এবং ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে।
এদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত ককটেল পরীক্ষা করে তাতে স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটি পটকার মতো ছিল বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার।
এর আগে জুলাই জাদুঘর ও এনসিপি অফিসের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


