চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এ সময় লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর থেকে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে সিপিবি ও বাসদসহ বেশ কয়েকটি সংগঠন। বেলা পৌনে ৩টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভ-সমাবেশে উপস্থিত সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘আমরা আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমরা মনে করি এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল।’
তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে, তাদের ওয়েবসাইটে গেলে বিষয়টি বোঝা যাবে। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেওয়ার মনে হলো, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আমাদের নৌবন্দর, বিমানবন্দর—সব ব্যবহার করবে তারা।’
সিপিবির পক্ষ থেকে জানানো হয়, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে ব্যাপক লাঠিপেটা করেছে পলিশ। এতে সাজ্জাদ জহির চন্দনসহ আহত হয়েছেন অনেক নেতাকর্মী।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম মনির বলেন, বিক্ষোভকারীরা ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের সামনে মন্ত্রী-এমপিসহ অনেকের গাড়ির নিচে শুয়ে পড়ছিলেন। এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে তাদের সরিয়ে দিয়েছে।
এ সময় লাঠি দিয়ে কাউকে আঘাত করা হয়নি বলে দাবি করেন তিনি।


