সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার কোস্ট গার্ডের

সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার কোস্ট গার্ডের
সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা ইয়াবা ও হেরোইন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলসহ একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে নিয়োজিত রয়েছে। একই সঙ্গে দ্বীপটির জীববৈচিত্র্য সংরক্ষণ ও একে মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকার বাংলাদেশ অংশ থেকে এ মাদক উদ্ধার করা হয়।

অভিযানকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের ট্রলারকে থামার নির্দেশ দেয় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের আভিযানিক দল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা সাগরে ফেলে দ্রুত মিয়ানমার সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা মাদকের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ড। প্রবাল দ্বীপটির সার্বিক নিরাপত্তা ও মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad