সুপ্রিম কোর্ট এলাকায় রাতে ‘অপ্রত্যাশিত ব্যক্তিদের’ প্রবেশ ঠেকাতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তির বিষয়টি বুধবার জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের কোর্টরুমে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। ফলে বিচারপতি, মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবী এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে এর আগে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি দেখা যাচ্ছে, রাতে সুপ্রিম কোর্ট এলাকায় ‘অপ্রত্যাশিত ব্যক্তিরা’ প্রবেশ করছেন, যা আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত করছে।
এ অবস্থায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা অফিসিয়াল পরিচয়পত্র দেখাতে হবে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে সাংবাদিক নিষিদ্ধ: তথ্যের অধিকার খর্ব


