চট্টগ্রামের বাকলিয়া ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক দিকনির্দেশনায় অভিযানে আটটি গোডাউনে তল্লাশি চালানো হয়।
অভিযানে লাইসেন্সবিহীনভাবে মজুত রাখা বিপুল পরিমাণ সার জব্দ করা হয়। জব্দ করা সার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা, পাঁচলাইশ এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যৌথ জিম্মায় দেওয়া হয়েছে।
আইন লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষণিকভাবে ওই অর্থ নগদ আদায় করা হয়েছে। অপর এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার কাছ থেকেও অর্থদণ্ডের টাকা নগদ আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল, চট্টগ্রাম মো. সাকিব উল আলম।
তিনি বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের কঠোর নির্দেশনা রয়েছে কৃত্রিম সংকট তৈরি বা অবৈধভাবে সার মজুতের মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, কৃষি উপকরণ ও সারের বাজারে শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের কঠোর তদারকি ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


