শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার বিকালে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকা জেলা ও মহানগর এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং মহানগর এলাকায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা সংস্থাগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য পূজা কমিটিগুলোর প্রতি আহ্বান জানান তিনি। ভোররাতে নিরাপত্তা ও পাহারা জোরদার, নারী ও পুরুষের চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন শেষ করা এবং বিসর্জনকে কেন্দ্র করে মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে স্থানীয় প্রশাসন ও পূজা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-১১-এর সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনসহ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


