ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৬ জানুয়ারি এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমাবর্তনে যোগদানের আমন্ত্রণ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগদানের সম্মতি জানান।
সাক্ষাৎকালে উপাচার্য ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে গৃহীত পদক্ষেপসমূহ, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। তিনি শিক্ষা ও গবেষণার মান বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে ইতোমধ্যেই সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


