ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়ে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার ওহাইওতে একটি সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে প্রায় সরে এসেছে। একই সময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করেন।
ট্রাম্প বলেন, ‘তেলের দাম কমছে। এখন তেলের দাম কম। বাইডেন প্রশাসনের সময়ের চেয়েও এখন দাম কম। অথচ তারা ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে কিছুই করেনি।’
তিনি আরও বলেন, ‘ইরান, আপনারা জানেন, পরমাণু অস্ত্র তৈরির সব পরিকল্পনাই প্রায় ছেড়ে দিয়েছে।’
তবে ইরান দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এ কর্মসূচি নিয়ে কোনো আপসও করবে না তেহরান।
গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেন।
পেজেশকিয়ান বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে মজুত সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কমিয়ে আনার প্রস্তাবও দেন তিনি।
তবে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের বেসামরিক পরমাণু কর্মসূচির কাঠামোগত কোনো পরিবর্তন করা হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করে। এর পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। চলমান যুদ্ধে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছে ওয়াশিংটন।
সূত্র: আনাদোলু


