টাঙ্গাইলের বাসাইলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (২০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলার বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রশিকা অফিসসংলগ্ন একটি দ্বিতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চক মহরম কালিতলা গ্রামের বাবুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাসাইল পৌরসভার প্রশিকা অফিস সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন রায়হান। কাজের এক পর্যায়ে দ্বিতীয় তলা থেকে রড নিচে নামানোর সময় অসাবধানতাবশত রডটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পিতা তার ছেলের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাভারে ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু


