কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসার জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক আমেরিকাপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কোষাকান্দা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। তিনি প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে সিরাজুল ইসলাম নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে তাকে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যা হতে পারে বলে অনুমান করলেও এটি হত্যা নাকি আত্মহত্যা–তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


