লক্ষ্মীপুরের ছয় থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে নতুন করে ১৮২ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে দুই দিনের অভিযানে মোট ৪৪৮ জনকে আটক করা হলো।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ দল পাঁচ ঘণ্টার এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণতার অভিযোগ রয়েছে, এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৬৪ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২০ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা, কিশোরদের মধ্যে মারামারি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলার সব থানায় একযোগে অভিযান শুরু করা হয়েছে।
এর আগে অভিযানের প্রথম দিনে ২৬৬ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২১৫ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ৫১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ও রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূইয়া বলেন, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


