বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে করা মামলায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার বিকোলে তাদের বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফেরদৌস হোসেন।
ডিবি জানায়, সোমবার রাতে কক্সবাজারের কলাতলী বিচ এলাকার একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, সাজেদুর রহমান শাহীনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১১টির বেশি মামলা রয়েছে। ভাদুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনে ৯টির বেশি মামলা রয়েছে। ফেরদৌসের বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘সাজেদুর রহমান শাহীন কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘মামলাগুলো যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিমান্ডে তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছি।’


